প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
দুবাইয়ে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
মধ্যপ্রাচ্যের উত্তাল রণাঙ্গন এবার সরাসরি প্রভাব ফেলল বলিউড তারকাদের জীবনে। ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া ভয়াবহ যুদ্ধের জেরে আকাশপথ রুদ্ধ হয়ে যাওয়ায় দুবাই বিমানবন্দরে চরম বিপাকে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী সোনাল চৌহান। জান্নাত খ্যাত এই তারকা এখন নিজ দেশে ফিরতে মরিয়া হয়ে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছেন।
সোনাল চৌহান তার ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি, চলমান সংকটের কারণে আমি বর্তমানে দুবাইয়ে আটকা পড়েছি। ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে এবং ভারতে ফেরার কোনো নিশ্চিত উপায় নেই। আমি নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সরকারের নির্দেশনা ও সমর্থন কামনা করছি। সরকারের পক্ষ থেকে যেকোনো সহায়তা পেলে আমি গভীরভাবে কৃতজ্ঞ থাকব।
বর্তমানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সোনালের মতো আরও অসংখ্য যাত্রী আটকা পড়ে বিপাকে রয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় এবং উৎকণ্ঠা।
ভারতীয় গণমাধ্যমের খবর, ইরান ও ইরাকের আকাশপথ বন্ধ থাকায় এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং আকাশপথ নিরাপদ হলে পুনরায় ফ্লাইট চালুর আশ্বাস দিয়েছে।
মূলত ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তজনা বৃদ্ধির কারণেই মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে, যার ফলে দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টগুলোতে হাজারো যাত্রী আটকা পড়েছেন।
Copyright © 2026 All rights reserved.